ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা একসময় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন এবং খেলাটির ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, ২০২৬ আসর চলাকালে তা নতুন করে আলোচনায় এসেছে। ২০১৮ সালে যখন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে যৌথ আয়োজক হিসেবে ঘোষণা করা হয়, তখন ম্যারাডোনা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে ফুটবলকে অতিরিক্ত বাণিজ্যিক পণ্য হিসেবে উপস্থাপনের প্রবণতা রয়েছে, যা ভবিষ্যতে খেলার ঐতিহ্যবাহী কাঠামো বদলে দিতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যারাডোনা রসিকতা করে বলেছিলেন যে, বিজ্ঞাপনের সুযোগ বাড়াতে ভবিষ্যতে হয়তো ৪৫ মিনিটের দুই অর্দ্ধের বদলে ম্যাচকে ২৫ মিনিটের চার ভাগে ভাগ করার প্রস্তাব আসতে পারে। যদিও সরাসরি এমন কোনো পরিবর্তন আসেনি, তবে ২০২৬ বিশ্বকাপে তীব্র গরমের কারণে ফিফা প্রবর্তিত ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি নিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে।
দেখা যাচ্ছে, এই বিরতির সময় অনেক সম্প্রচারমাধ্যম বিজ্ঞাপন প্রচার করছে। বিষয়টি নিয়ে ফুটবল বিশ্লেষক ও ভক্তদের একাংশ প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ম্যারাডোনার সেই পুরনো বক্তব্য শেয়ার করে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। তবে ভিন্ন মতও রয়েছে; অনেকের মতে, এই বিরতি মূলত খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার জন্য দেওয়া হচ্ছে এবং এর সঙ্গে বিজ্ঞাপনের বিষয়টি সরাসরি সম্পৃক্ত নয়। সব মিলিয়ে ম্যারাডোনার সেই মন্তব্য কতটুকু বাস্তবসম্মত ছিল, তা নিয়ে এখন ফুটবল বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ।
২০২৬ বিশ্বকাপে ফুটবলের বাণিজ্যিকীকরণ ও ম্যারাডোনার পুরনো মন্তব্য নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। পানি পানের বিরতিতে বিজ্ঞাপন প্রচার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।


0 Comments