বলিউড সুপারস্টার সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির (এসআরএ) একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এই অভিনেতা। সেই অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অনেক অনুরাগী দাবি করেছেন, আগের তুলনায় সালমান খানকে অনেকটা রোগা, ক্লান্ত ও নীরব দেখাচ্ছে। এমনকি তার চিরচেনা পেশিবহুল গড়ন ও প্রাণবন্ত ভাব উধাও হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন অনেকে।
সালমান খানের স্বাস্থ্য নিয়ে যখন ইন্টারনেটে নানা গুঞ্জন চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন তিনি। নিজের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আপ লোগো কি তাবিয়ত ক্যায়সি হ্যায়?’ অর্থাৎ আপনারা কেমন আছেন? ভক্তদের ধারণা, নিজের স্বাস্থ্য নিয়ে চলা আলোচনার প্রেক্ষিতেই হয়তো এমন ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।
এর আগে আমির খানের প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তির অনুষ্ঠানেও সালমানের অসুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন গুঞ্জন শোনা গিয়েছিল যে, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরামর্শ দিলেও সালমান খান তার হাতে থাকা কাজগুলো শেষ করার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে বর্তমান শারীরিক অবস্থা বা ভাইরাল ভিডিওর বিষয়ে এখন পর্যন্ত সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভক্তদের একটি অংশ অবশ্য কয়েক সেকেন্ডের ভিডিও দেখে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সালমান খানের রুগ্ন চেহারা দেখে তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ভক্তরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছেন অভিনেতা। বিস্তারিত জানুন।


0 Comments