ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নাটোরে পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

নাটোরে পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে একটি লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে উপজেলার গাড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হয়ে পড়েছেন স্থানীয় মাছ চাষী রনি মন্ডল। তিনি ওই গ্রামের নুরুল মন্ডলের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি মন্ডল তার বাড়ির পাশে ১ একর আয়তনের একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে তিনি ঘুমাতে যান। পরদিন সকালে পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে আছে। এই দৃশ্য দেখে রনি ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে পুকুরের পানিতে ১ লিটার পরিমাণের ৩টি ‘শাহিন ৫৫ সিসি’ নামক কীটনাশকের খালি বোতল ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ ও মিলন হোসেন জানান, পুকুরে বিষের বোতল পাওয়া যাওয়ায় এটি স্পষ্ট যে প্রতিপক্ষের দেওয়া বিষের কারণেই মাছগুলো মারা গেছে।

ক্ষতিগ্রস্ত মাছ চাষী রনি মন্ডল জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই গ্রামের প্রতিপক্ষ মুজিবুর রহমান ও তার লোকজন এই পুকুর নিয়ে তার সাথে বিরোধ করে আসছিল। তাকে পুকুর ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ দেওয়া হয়। পুকুরের সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কিছুদিন আগে তাকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। রনি মন্ডল এই ঘটনায় সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মুজিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংক্ষেপে:
নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে নিঃস্ব হয়ে পড়েছেন মাছ চাষী রনি মন্ডল। প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়েছেন ভুক্তভোগী।
নাটোরে পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

0 Comments