সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্যটকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর ঘোষণা দিয়েছে জেনারেল ডিরেক্টরেট ফর রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)। গালফ টুডের বরাতে জানা গেছে, এই বিশেষ ভিসার আওতায় কোনো স্পন্সর বা হোস্টের সহায়তা ছাড়াই পর্যটকরা দুবাইসহ আরব আমিরাতের বিভিন্ন শহরে একাধিকবার যাতায়াত করার সুযোগ পাবেন।
নতুন এই ভিসা ব্যবস্থার অধীনে পর্যটকরা প্রতিবার প্রবেশের পর দেশটিতে টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। প্রয়োজনে এই অবস্থানের মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তবে শর্ত অনুযায়ী, একজন পর্যটক এক বছরে সর্বমোট ১৮০ দিনের বেশি অবস্থান করতে পারবেন না।
জিডিআরএফএ-এর তথ্যমতে, বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্টের কপি এবং ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে সর্বনিম্ন ৪ হাজার ডলার বা সমপরিমাণ অর্থের স্থিতি থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে বৈধ স্বাস্থ্য বীমা সনদ এবং আসা-যাওয়ার বিমান টিকিট জমা দিতে হবে।
দুবাই ভ্রমণে পর্যটকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে আরব আমিরাত। কোনো স্পন্সর ছাড়াই এখন থেকে একাধিকবার যাতায়াত ও দীর্ঘ সময় অবস্থানের সুযোগ পাবেন পর্যটকরা।


0 Comments