বাংলাদেশে বায়ুদূষণের প্রভাবে প্রতি বছর প্রায় ২ লাখ ৮০ হাজার ৬০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশের সমান। একই সঙ্গে এই দূষণের কারণে দেশে প্রতি বছর প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু ঘটছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ‘ক্লাইমেট চেঞ্জ, এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ রিসার্চ’ (সি–টু–এএইচআর) ইউনিটের এক গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী ‘পলিউশন’-এ এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।
বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণার বিস্তারিত তথ্য তুলে ধরেন গবেষক দলের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল—এই ছয়টি বড় শহরের বায়ুদূষণের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণজনিত কারণে দেশে প্রতিদিন গড়ে ২৪২ জন মানুষ প্রাণ হারাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৭ হাজার ৫১৯ জন মারা গেছেন হৃদ্রোগে। এছাড়া দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে ৮ হাজার ৩৪৪ জন এবং ফুসফুসের ক্যানসারে ৮১১ জনের মৃত্যু হয়েছে।
শহরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, অকালমৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। সেখানে বছরে ৬৮ হাজার ৭০৩ জন বায়ুদূষণের কারণে মারা যাচ্ছেন। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এই সংখ্যা ১১ হাজার ২০২ জন। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৮২৭, খুলনায় ২ হাজার ৬২৫, সিলেটে ১ হাজার ৪৮৮ এবং বরিশালে ১ হাজার ৩৯৫ জনের অকালমৃত্যু হচ্ছে। ২০১৩ থেকে ২০২১ সালের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন, এই ছয়টি শহরেই অকালমৃত্যুর প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছে।
সহযোগী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, বায়ুদূষণ কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় সংকট। এটি নীতিনির্ধারকদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুর গুণগত মান সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা গেলে এই প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির বড় অংশ এড়ানো সম্ভব। দূষণ নিয়ন্ত্রণে কার্যকর নীতি বাস্তবায়ন এবং নগরাঞ্চলে সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদারের সুপারিশ করেছেন গবেষকরা।
বাংলাদেশে বায়ুদূষণে বছরে ৮৮ হাজার মানুষের অকালমৃত্যু হচ্ছে এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই ভয়াবহ তথ্য উঠে এসেছে।


0 Comments