যুক্তরাষ্ট্রের সিনেটে বার্ষিক প্রতিরক্ষানীতি সংক্রান্ত বিল (এনডিএএ) নিয়ে বিতর্ক শুরুর একটি প্রস্তাব আটকে দিয়েছেন ডেমোক্র্যাট পার্টির সদস্যরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিরোধিতায় তারা এই পদক্ষেপ নিয়েছেন। গত মঙ্গলবার সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ৫০-৪৬ ভোটে খারিজ হয়ে যায়। ১০০ সদস্যের সিনেটে কোনো বিল নিয়ে বিতর্ক শুরু করতে অন্তত ৬০টি ভোটের প্রয়োজন হলেও ডেমোক্র্যাটদের বাধার মুখে তা সম্ভব হয়নি।
এই বার্ষিক প্রতিরক্ষানীতি বিলের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের বিশাল সামরিক বাজেটের একটি বড় অংশ অনুমোদনের পরিকল্পনা ছিল। ডেমোক্র্যাটদের যুক্তি হলো, ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি আরও জোরদার করছেন, তখন কংগ্রেসের এই বিল নিয়ে এগিয়ে যাওয়া উচিত নয়। এছাড়া পেন্টাগনের জন্য প্রস্তাবিত রেকর্ড পরিমাণ বাজেট এবং ইসরায়েলের সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির বিষয়েও তারা আপত্তি জানান।
সিনেটে ভোটাভুটির আগে ডেমোক্র্যাট নেতা চাক শুমার দলীয় সদস্যদের বিলটির বিরোধিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এই বিল পাস হলে তা ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের তদারকি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন, বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন, এড মার্কি, জেফ মার্কলি ও পিটার ওয়েলচ এক যৌথ চিঠিতে বিলটির বিপক্ষে অবস্থান নেন। তারা জানান, এমন কোনো ভোট দেওয়া উচিত নয় যা ট্রাম্পকে ইসরায়েলের চরমপন্থী সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে উৎসাহিত করবে।
সিনেটর ক্রিস ভ্যান হলেন এক ভিডিও বার্তায় বলেন, এই বিল পেন্টাগনের জন্য অস্বাভাবিক বড় বাজেট অনুমোদনের পথ খুলে দিলেও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অভিযানের ওপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করবে না। কংগ্রেসের বাইরেও প্রায় ১৪টি যুদ্ধবিরোধী ও নাগরিক অধিকার সংগঠন এই বিলের বিরোধিতা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডেমোক্র্যাটদের এই অবস্থান দলটির ভেতরে ইসরায়েল সংক্রান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ইরান যুদ্ধের বিরোধিতা ও ইসরায়েল ইস্যুতে মার্কিন সিনেটে ট্রাম্পের বিশাল প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা। পেন্টাগনের রেকর্ড বাজেট ও তদারকিহীন সামরিক অভিযানের আশঙ্কায় এই কঠোর পদক্ষেপ।


0 Comments