ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

র‍্যাব-১৫ এর সাবেক অধিনায়কের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস: কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইরকে প্রাণনাশের হুমকি

র‍্যাব-১৫ এর সাবেক অধিনায়কের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস: কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইরকে প্রাণনাশের হুমকি

২০২১ সালে র‍্যাব-১৫ এর অধিনায়ক থাকাকালীন খাইরুল ইসলামের অমানবিক ও আইনবহির্ভূত কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক ইমাম খাইরকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৮ জুলাই রাতে ০১৮৪০৩৩৩৩৭৭ নম্বর থেকে কল করে এক ব্যক্তি নিজেকে সাবেক ওই কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে হুমকি প্রদান করেন। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ২৯ জুলাই কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৯৬৮/২৬) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ইমাম খাইর কক্সবাজার প্রেসক্লাবের সদস্য এবং দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে কর্মরত রয়েছেন। তিনি পরিবেশ ও মানবাধিকার সংগঠনের সাথেও সম্পৃক্ত। হুমকি প্রসঙ্গে ইমাম খাইর বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। এই সময়ে একজন সংবাদকর্মীকে হুমকি দেওয়া প্রকারান্তরে সরকারের বিরুদ্ধে অবস্থানের শামিল। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজারের সালাহউদ্দিন আহমদসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে সাংবাদিক ইমাম খাইরকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজারের সাংবাদিক সমাজ। কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এক বিবৃতিতে বলেন, সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য মানুষকে হয়রানি করেছেন। তার দায়িত্ব পালনকালে কক্সবাজারের বেশ কয়েকজন সাংবাদিককেও হেনস্তা ও মানসিক নির্যাতন করার অভিযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে একজন ভুক্তভোগী হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করায় হুমকি প্রদান অত্যন্ত উদ্বেগজনক।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। এছাড়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম আর খোকন, সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল, বিএসপিএ সভাপতি এম আর মাহবুব ও সাধারণ সম্পাদক আহসান সুমনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তারা বলেন, স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নকারী কর্মকর্তাদের অপকর্মের তদন্ত হওয়া জরুরি এবং কোনোভাবেই সাংবাদিকদের কণ্ঠরোধ করা মেনে নেওয়া হবে না।

সংক্ষেপে:
সাবেক র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইরকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে এবং সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছে।
র‍্যাব-১৫ এর সাবেক অধিনায়কের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস: কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইরকে প্রাণনাশের হুমকি

0 Comments