সিলেটের পাঁচটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। বুধবার পাঠানো এই চিঠিতে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য প্রয়োজনীয় বিজিবি সদস্য মোতায়েনের আবেদন জানানো হয়েছে। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিজিবি মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
এনসিপি সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ জানান, বৃহস্পতিবার জেলার তিনটি উপজেলায় এবং শুক্রবার আরও তিনটি উপজেলায় তাদের পদযাত্রা কর্মসূচি পালিত হবে। কর্মসূচির সূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পর্যায়ক্রমে পদযাত্রা কর্মসূচি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
সিলেটের পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েনের অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


0 Comments