ফুটপাথে পানি বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে বাবাকে পবিত্র হজে পাঠানোর স্বপ্ন দেখা সংগ্রামী কিশোর সুজনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সুজনের সুন্দর ভবিষ্যৎ ও স্বপ্নপূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (২০ জুলাই) রাজধানীর জিয়া উদ্যানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুজনের হাতে আর্থিক অনুদান তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সুজনের পানি বিক্রির ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। ওই ভিডিওতে সুজন তার বাবাকে হজে পাঠানোর ইচ্ছার কথা জানিয়েছিল।
অনুদান প্রদানের সময় প্রতিমন্ত্রী আমিনুল হক সুজনকে কোনো ঝুঁকিপূর্ণ কাজে না পাঠিয়ে নিয়মিত স্কুলে পাঠানোর জন্য তার পরিবারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সুজনের পড়াশোনার যাবতীয় ব্যয়ভার বহনের ঘোষণা দেন তিনি। প্রতিমন্ত্রীর এই আশ্বাসের পর সুজনের বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার ছেলেকে আর রাস্তায় পানি বিক্রি করতে দেবেন না বলে প্রতিশ্রুতি দেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক ও সংবেদনশীল। প্রান্তিক মানুষের দুঃখ-দুর্দশার খবর পেলে তিনি দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি আরও বলেন, সুজনের মহৎ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তার অসুস্থ মায়ের চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হবে। সুজন যেন পড়াশোনা করে নিজের যোগ্যতায় একদিন বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।
ফুটপাথে পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা কিশোর সুজনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পড়াশোনা ও পরিবারের দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
-6a5efcd813a54.webp)

0 Comments