জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস–২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক এই চার দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি।
সিভিল সার্ভিস কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করা জরুরি। বর্তমান সরকারের প্রতি জনগণের সুউচ্চ প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ–উল–আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, বিগত সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দেশের সব পরিসংখ্যান ধ্বংস করা হয়েছে। সঠিক নীতি প্রণয়নের স্বার্থে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) একটি শক্তিশালী সংস্থায় রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এছাড়া অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কৃষি, রেমিট্যান্স এবং কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জন্মহার নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা বিভাগকে পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোকপাত করেন তিনি। কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকার বিধি মোতাবেক বাস্তবায়ন করাই প্রশাসনের মূল দায়িত্ব।
সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনসেবায় আত্মনিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।


0 Comments