প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লির উদ্দেশে রওনা হওয়া পাঞ্জাবের শত শত কৃষককে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। মঙ্গলবার ‘দেশ বাঁচাও মোর্চা’-এর ব্যানারে আয়োজিত কিষান মহাপঞ্চায়েতে অংশ নিতে কৃষকরা এই যাত্রা শুরু করেন। তবে হরিয়ানা সীমান্তে পুলিশি বাধার মুখে পড়ে কৃষকরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন।
সীমান্তে কংক্রিটের ব্লক ও লোহার পেরেক দিয়ে তৈরি করা ব্যারিকেড ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ‘দিল্লি চলো-২’ আন্দোলনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। বিকেইউ (শহীদ ভগত সিং) নেতা তেজবীর সিং অভিযোগ করেছেন, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের সীমানার ভেতরে ঢুকে বাধা দিলেও পাঞ্জাব সরকার নীরব ভূমিকা পালন করছে। এদিকে পাঞ্জাবের কৃষকদের আটকে দেওয়া হলেও হরিয়ানার আমবালা ও কুরুক্ষেত্রের কৃষকরা দিল্লির পথে যাত্রা অব্যাহত রেখেছেন।
কিষান মজদুর সংগ্রাম কমিটির (কেএমএসসি) নেতা সারওয়ান সিং পান্ধের জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত এই চুক্তিটি কৃষি, দুগ্ধ, শিল্প ও ই-কমার্সসহ বিভিন্ন খাতের জন্য হুমকিস্বরূপ। কৃষক নেতাদের আশঙ্কা, ভর্তুকি পাওয়া মার্কিন পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করলে দেশের কোটি কোটি ক্ষুদ্র কৃষক প্রতিযোগিতায় টিকতে পারবেন না। বিশেষ করে ভারতের দুগ্ধ খাতের ওপর নির্ভরশীল আট কোটি গ্রামীণ পরিবার চরম ক্ষতিগ্রস্ত হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
আন্দোলনকারী সংগঠনগুলো অবিলম্বে এই চুক্তির সব তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে। তাদের মতে, কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে কোনো চুক্তি করা যাবে না। কিষান মজদুর মোর্চা ও আজাদ কিষান মোর্চাসহ বিভিন্ন সংগঠন এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে।
ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লির পথে রওনা হওয়া পাঞ্জাবের কৃষকদের শম্ভু সীমান্তে আটকে দিয়েছে পুলিশ। কৃষকদের আশঙ্কা, এই চুক্তির ফলে দেশের কৃষি ও দুগ্ধ খাত চরম ক্ষতির মুখে পড়বে।


0 Comments