চলতি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বে বইছে উন্মাদনা। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই মেগা ফাইনালের টিকিটের দাম এখন আকাশচুম্বী। শেষ মুহূর্তের টিকিট সংগ্রহ করতে ফুটবল প্রেমীদের গুনতে হচ্ছে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলার।
শনিবার ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গোলপোস্টের পেছনের গ্যালারির সর্বনিম্ন মূল্যের টিকিট ছিল ৬ হাজার ৪১১ ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা। তবে মুহূর্তেই সেসব টিকিট শেষ হয়ে যাওয়ায় বর্তমানে সর্বনিম্ন টিকিটের দাম দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার ডলার বা ১২ লাখ টাকায়। মাঠের একদম কাছের আসনের জন্য খরচ করতে হচ্ছে ১৬ হাজার ডলার। অন্যদিকে, বিশেষ হসপিটালিটি প্যাকেজের টিকিটের দাম উঠেছে প্রায় ৭৪ লাখ টাকায়।
টিকিট পুনর্বিক্রয়কারী প্রতিষ্ঠান সিটগিক ও স্টাবহাবেও একই চিত্র দেখা গেছে। সেখানে কিছু আসনের দাম ৩৫ হাজার ডলার পর্যন্ত ছাড়িয়েছে। এবারের ফাইনাল নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহের মূল কারণ লিওনেল মেসি ও তরুণ তুর্কি লামিনে ইয়ামালের মুখোমুখি লড়াই। এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকায় ভক্তদের মাঝে বাড়তি আবেগ কাজ করছে।
চতুর্থবারের মতো বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা। ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জেতার হাতছানি আলবিসেলেস্তেদের সামনে। সর্বশেষ ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুবার শিরোপা জিতেছিল। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপার খোঁজে নামবে স্পেন। চলতি আসরে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা মেসির এটি ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগে রাজনৈতিক অস্থিরতায় দুই দলের ফিনালিসিমা ম্যাচটি বাতিল হলেও এবার বিশ্বকাপের মঞ্চেই দেখা হচ্ছে এই দুই পরাশক্তির।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ ঘিরে টিকিটের দাম আকাশচুম্বী। মেসি ও ইয়ামালের লড়াই দেখতে টিকিটের মূল্য ঠেকেছে ৭৪ লাখ টাকায়। ফুটবল ভক্তদের উন্মাদনায় শেষ মুহূর্তের টিকিটের হাহাকার তুঙ্গে।


0 Comments