হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জেলা শহরের আখড়াবাজার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুরাতন থানা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যানার ও মশাল বহন করে হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, জেলা আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু এবং সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন। এছাড়াও যুব শক্তির সদস্য সচিব যুবায়ের আহমেদ, ছাত্র শক্তির আহ্বায়ক আনাস ইব্রাহিম ও সদস্য সচিব তন্ময়সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এই হামলার জন্য তারা স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন। বক্তাদের দাবি, হামলায় দলের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের চোখে গুরুতর আঘাত লেগেছে, যার মধ্যে একজন দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং অন্য একজনের হাত ভেঙে দেওয়া হয়েছে।
বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।


0 Comments