মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় বড় ধরনের পাল্টাহামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ায় মার্কিন বিশেষ অভিযানের কমান্ড সেন্টার, ওমানে রাডার ব্যবস্থা এবং কুয়েতে অস্ত্রের গুদাম ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির মহাকাশ বাহিনীর এই অভিযানে একটি মার্কিন রাডার ও কয়েকটি হেলিকপ্টার ধ্বংসসহ অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, গত ১৫ জুলাই ইরানের বামপুর এলাকায় সেনাবাহিনীর ৩৮৮তম ব্রিগেডের ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় সাত ইরানি সেনার মৃত্যুর প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়। আইআরজিসি আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং সেখান দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না। সম্প্রতি ইরানের হরমোজগান প্রদেশে বেসামরিক অবকাঠামো ও সেতুতে মার্কিন হামলার প্রতিবাদে এই কঠোর অবস্থান নিয়েছে তেহরান।
অন্যদিকে আল-জাজিরার খবরে বলা হয়েছে, কাতার ও জর্ডান ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। কাতারে ধ্বংসাবশেষের আঘাতে এক শিশু আহত হয়েছে। এছাড়া উত্তর ইরাকের এরবিল ও সুলাইমানিয়াহ শহরেও বিস্ফোরণ এবং ড্রোন ভূপাতিতের খবর পাওয়া গেছে। আইআরজিসি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করে পুনরায় সংঘাত উসকে দিয়েছে, যার ফলে ইরান এই পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের পাল্টাহামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। সিরিয়া, কুয়েত ও ওমানে যুক্তরাষ্ট্রের রাডার ও অস্ত্রাগার ধ্বংসসহ বহু সেনা নিহতের দাবি করেছে তেহরান।


0 Comments