চট্টগ্রামসহ দেশজুড়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে যশোরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত অপর তিন সহযোগী হলেন আল ইসলাম অলিফ তমাল, শামিম এবং সাফায়েত।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম জেলা পুলিশের রিকুইজিশন এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। যশোর কোতোয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই অভিযান চালায়। গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক ডাবল মার্ডারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি ডিডিএন নামক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ২ কোটি টাকা চাঁদা দাবি ও হামলার ঘটনায় তিনি দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন।
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে যশোরের ঝুমঝুমপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত এই সন্ত্রাসীকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


0 Comments