মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে একটি কাভার্ড ভ্যান গতিরোধ করে ২৪ লাখ টাকা মূল্যের ৬৬৫ কার্টুন সয়াবিন তেল ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাভার্ড ভ্যান চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে বগুড়ার শেরপুর থেকে লুণ্ঠিত ৬৪৪ কার্টুন তেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাতে সোনারগাঁয়ের মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৬৬৫ কার্টুন ‘ফ্রেশ’ সয়াবিন তেল নিয়ে একটি কাভার্ড ভ্যান যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগর থানার উমপাড়া ওভার ব্রিজের উত্তর পাশে সার্ভিস রোডে একদল সশস্ত্র ডাকাত কাভার্ড ভ্যানটির গতি রোধ করে। ডাকাতরা চালক আকিব হাসান জয় ও হেলপার নাহিদ হাসানকে মারধর করে হাত-পা ও চোখ বেঁধে নগদ টাকা ও মোবাইলসহ তেল ভর্তি গাড়িটি ছিনিয়ে নেয়।
ঘটনার পর ট্রান্সপোর্ট কোম্পানির সুপারভাইজার আফছার উদ্দিন বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। তদন্তে নেমে শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন ও এএসআই হুমায়ুনের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে চালক আকিব হাসান জয়কে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া এলাকায় যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে বেলঘড়িয়া বাজারের প্রতাপ কুমার রায়ের গোডাউন এবং জামুর গ্রামের ইমরান হোসেনের বাড়ি থেকে মোট ৬৪৪ কার্টুন তেল উদ্ধার করা হয়। এই চক্রের মূল হোতা ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও মূল অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি সদস্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ মঈনুদ্দীন এই অভিযানে সহযোগিতার কথা নিশ্চিত করেছেন।
ঢাকা-মাওয়া মহাসড়কে ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতির ঘটনায় চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ার শেরপুর থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ৬৪৪ কার্টুন তেল। ঘটনার তদন্ত ও বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


0 Comments