রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি শিশুদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শিক্ষকদের ‘মানুষ গড়ার কারিগর’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা কোনো প্রাণীর প্রতিও নির্দয় না হয়। তিনি উল্লেখ করেন, একটি মানবিক বাংলাদেশ গড়তে হলে মানবিক সৈনিক প্রয়োজন, আর সেই কারিগর হলেন শিক্ষকরাই।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশ থেকে আসা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের মধ্যে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ছড়িয়ে দিতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত সীমাবদ্ধতা ও সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে এবং প্রতি বছর বর্ষাকালে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। স্বাগত বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
অনুষ্ঠানে দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী সেরা শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে পদক প্রদান করা হয়। পদক বিতরণ শেষে প্রধানমন্ত্রী খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
শিশুদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই গুরুত্বারোপ করেন।


0 Comments