ডালাসে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। পুরো ম্যাচে জমাট ফুটবল খেলে কিলিয়ান এমবাপ্পেদের শক্তিশালী আক্রমণভাগকে রুখে দেয় স্প্যানিশ রক্ষণভাগ। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে নেন মিকেল ওইয়ারসাবাল। ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে ডি-বক্সে লামিনে ইয়ামালকে ফাউল করলে এই পেনাল্টির সুযোগ পায় তারা।
ম্যাচের ৫৮ মিনিটে দানি ওলমোর সাথে দারুণ বোঝাপড়ায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন পেদ্রো পোরো। এর কিছুক্ষণ পর ৬৪ মিনিটে লামিনে ইয়ামাল আরও একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেদের নিয়ে গড়া ফ্রান্সের তারকাখচিত আক্রমণভাগ স্পেনের রক্ষণের সামনে ছিল পুরোপুরি বিবর্ণ। পুরো ম্যাচে ফরাসিরা মাত্র দুটি শট গোলপোস্টে রাখতে সক্ষম হয়। আগামী রোববার রাতে নিউ জার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরোর গোলে জয় নিশ্চিত করে লা রোহারা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড।

0 Comments