বাংলাদেশে জলবায়ু ন্যায়বিচার, পরিবেশ সংরক্ষণ এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ের নাগরিক সমাজ সংগঠনগুলোর দক্ষতা বৃদ্ধিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি নতুন প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। ‘এমপাওয়ারিং সিভিল সোসাইটি ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রটেকশন’ শীর্ষক এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে ওয়েল্ট হাঙ্গার হিলফে (ডব্লিউএইচএইচ), এডুকো, মানুষের জন্য ফাউন্ডেশন ও উত্তরণ।
রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত জাতীয় পর্যায়ের এক কর্মশালার মাধ্যমে গত রবিবার প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে প্রকল্পের ফলাফলের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচারের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন এবং দেশের ইতিবাচক পরিবর্তনে সরকার সব সময় সহযোগিতা করবে। ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো তৃণমূলের নাগরিক সমাজ সংগঠনগুলোকে শক্তিশালী করার মাধ্যমে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় তাদের ভূমিকা আরও কার্যকর করা। এর মাধ্যমে সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, অ্যাডভোকেসি দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতামূলক নেটওয়ার্ক জোরদার করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের এডউইন কোকেক জানান, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় ইইউ বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ওয়েল্ট হাঙ্গার হিলফে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জোনাস উইয়াহল সম্মিলিত শক্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী ও রূপান্তরমূলক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এই লক্ষ্য অর্জনে নাগরিক সমাজ ও স্থানীয় সরকারের মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়েল্ট হাঙ্গার হিলফে বাংলাদেশের হেড অব প্রজেক্ট আফসারী বেগম এবং এডুকো বাংলাদেশের হেড অব প্রোগ্রাম তাজিন হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জাকারিয়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রেজওয়ানুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মো. মনিরুল ইসলাম।
জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষায় তৃণমূলের সক্ষমতা বাড়াতে ইইউর অর্থায়নে নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ঢাকার এক কর্মশালায় এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেন সংশ্লিষ্টরা।


0 Comments