ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ইরানের চাবাহার বন্দরে মার্কিন বিমান হামলা ও পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

ইরানের চাবাহার বন্দরে মার্কিন বিমান হামলা ও পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শুক্রবার (১৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের ক্রমাগত হামলার জবাবে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলায় ধসে পড়া নজরদারি টাওয়ারের ছবি প্রকাশ করেছেন।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন বাহিনী তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে চাবাহার বন্দরের প্রধান সামুদ্রিক ট্রাফিক কন্ট্রোল বা নজরদারি টাওয়ারটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই হামলায় ভারতের সহায়তায় নির্মিত ‘শহিদ বেহেশতি’ ডকসহ দুটি প্রধান সমুদ্র জেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান এই ঘটনাকে জঘন্য হিসেবে আখ্যায়িত করে জানিয়েছে, এটি একটি সম্পূর্ণ বেসামরিক স্থাপনা ছিল যা মূলত জেলেদের উদ্ধারকাজ ও নৌচলাচলের নিরাপত্তায় ব্যবহৃত হতো।

চাবাহার ছাড়াও ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে বিদ্যুৎ অবকাঠামো এবং সড়ক ও রেল সেতু লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির বিদ্যুৎ গ্রিডের ওপর চরম চাপের সৃষ্টি হয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে নাগরিকদের বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে ইরানের জ্বালানি মন্ত্রণালয়।

এদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারা কুয়েত, কাতার, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধনাগার কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংক্ষেপে:
ইরানের চাবাহার বন্দরে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ইরানের চাবাহার বন্দরে মার্কিন বিমান হামলা ও পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

0 Comments