আসন্ন ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে এই লড়াই কেবল দুই দলের শ্রেষ্ঠত্বের নয়, বরং দুই কোচের গুরু-শিষ্যের সম্পর্কের এক অনন্য অধ্যায়। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মধ্যকার বিশেষ বন্ধন এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন এবং ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, এই ফাইনালে একদিকে যেমন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াই হবে, তেমনি ডাগআউটে দেখা যাবে সাবেক শিক্ষক ও ছাত্রের প্রতিদ্বন্দ্বিতা। লুইস দে লা ফুয়েন্তে ও লিওনেল স্কালোনির সম্পর্কের শুরু ২০১৭ সালে। খেলোয়াড়ি জীবন শেষে স্কালোনি যখন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লা রোজাস ফ্যাসিলিটিতে কোচিং কোর্সে ভর্তি হন, তখন দে লা ফুয়েন্তে ছিলেন স্পেনের যুব দলের কোচ এবং স্কালোনির লেকচারার। সেই থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর শ্রদ্ধার সম্পর্ক। দে লা ফুয়েন্তে তার সাবেক ছাত্রকে ‘মায়েস্ত্রো’ বলে অভিহিত করেছেন এবং আর্জেন্টিনার সাফল্যে স্কালোনির নেতৃত্বের প্রশংসা করেছেন। অন্যদিকে, স্কালোনিও তার শিক্ষককে ‘প্রফেসর’ সম্বোধন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্পেনের সাথে স্কালোনির সম্পর্ক কেবল পেশাদারিত্বের নয়, বরং ব্যক্তিগতও। ২০০৮ সালে তিনি স্প্যানিশ নাগরিক এলিসা মোন্তেরোকে বিয়ে করেন এবং তাদের সন্তানরাও স্পেনে জন্মগ্রহণ করেছে। খেলোয়াড় হিসেবে তিনি দেপোর্তিভো লা করুনা ও মায়োর্কার মতো ক্লাবে খেলেছেন এবং বর্তমানে পরিবার নিয়ে মায়োর্কাতেই বসবাস করেন। একসময় স্পেনকে সমর্থনের কথা জানালেও, এখন তিনি নিজের দেশ আর্জেন্টিনার হয়ে ইতিহাস গড়তে বদ্ধপরিকর। মাঠের লড়াইয়ে গুরু নাকি শিষ্য, শেষ পর্যন্ত কার জয় হয় তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার আসন্ন ফাইনালে দেখা যাবে কোচ লুইস দে লা ফুয়েন্তে ও লিওনেল স্কালোনির গুরু-শিষ্যের লড়াই। মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় তাদের দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাদার সম্পর্ক।


0 Comments