ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের জনগণ স্বৈরশাসকদের ঐতিহাসিক শিক্ষা দিতে জানে।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, মোদি সরকারের পুলিশ প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে এফআইআর করার হুমকি দিচ্ছে। তিনি বলেন, এই দেশ কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়, বরং ১৪০ কোটি মানুষের। হুমকি বন্ধ না করলে দেশের মানুষ এমন শিক্ষা দেবে যা ইতিহাস মনে রাখবে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঙ্গা ও সরকারি সম্পত্তি বিনষ্টের অভিযোগে দিল্লি পুলিশ অন্তত পাঁচটি এফআইআর দায়ের করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ১৫ থেকে ২০টি সরকারি গাড়ি ভাঙচুর করেছে এবং এ ঘটনায় প্রায় ৭০ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী সংসদ ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের বাধা ও কাঁদানে গ্যাস নিক্ষেপকে কেন্দ্র করে এই কর্মসূচি পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
ভারতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া হুঁশিয়ারি দিলেন অরবিন্দ কেজরিওয়াল। শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলার প্রতিবাদে তিনি এই মন্তব্য করেন।


0 Comments