সৌদি আরব তাদের পর্যটন খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর বা ৩৬৫ দিন নির্ধারণ করেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন এই নিয়মে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওমরাহ পালনকারীদের সৌদি আরবের অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে নির্দিষ্ট প্যাকেজ ক্রয় করতে হবে এবং আগমনের আগে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, হজের সময় অর্থাৎ ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত এই ভিসা কার্যকর থাকবে না।
অন্যদিকে, সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র বা আকামা ইস্যু ও নবায়নের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে নিয়োগকর্তারা সর্বনিম্ন তিন মাস মেয়াদে গৃহকর্মীদের আকামা নবায়ন করতে পারবেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এই সেবা চালু হয়েছে। জনপ্রিয় সংবাদপত্র ওকাজ-এর তথ্যমতে, নিয়োগকর্তারা এখন ৩ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত যেকোনো মেয়াদের রেসিডেন্সি বেছে নিতে পারবেন। ‘আবশের’ প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এই ফি কিস্তিতে পরিশোধের সুযোগও রাখা হয়েছে, যা আগে এক বা দুই বছরের জন্য এককালীন পরিশোধ করতে হতো।
ওমরাহ ভিসার মেয়াদ ১ বছর করল সৌদি আরব। পাশাপাশি গৃহকর্মীদের আকামা নবায়নেও আনা হয়েছে বড় পরিবর্তন। এখন থেকে সর্বনিম্ন ৩ মাস মেয়াদেও আকামা নবায়ন করা যাবে। বিস্তারিত সংবাদে।


0 Comments