বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলতি জুলাই মাসের বেতনের সঙ্গে তারা ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট এবং বাড়িভাড়ায় অতিরিক্ত সাড়ে ৭ শতাংশ বৃদ্ধির সুবিধা পেতে যাচ্ছেন। ইতোমধ্যে এই বাড়তি সুবিধা জুলাই মাসের বেতনের সঙ্গে অন্তর্ভুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানিয়েছেন, জুলাইয়ের বেতনের সঙ্গে ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং বাড়িভাড়ার অতিরিক্ত অর্থ প্রদান করা হবে। আগে শিক্ষকরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া পেতেন, যা এখন বেড়ে ১৫ শতাংশে দাঁড়িয়েছে। তবে যেসব শিক্ষক-কর্মচারীর বেতন নির্ধারিত সর্বোচ্চ সীমা বা সিলিং অতিক্রম করেছে, তারা ইনক্রিমেন্ট সুবিধা পাবেন না।
এদিকে, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে জুলাই মাসের এমপিও বিল জমা দিতে হবে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটি পদ্ধতিতে বেতন পরিশোধ করা হচ্ছে। প্রতিষ্ঠানপ্রধানদের ইএমআইএস সিস্টেমে লগইন করে সঠিক তথ্য দিয়ে বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যে কোনো ভুল থাকলে বা অতিরিক্ত অর্থ উত্তোলিত হলে তার দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকেই বহন করতে হবে। যাদের তথ্যে ত্রুটি রয়েছে, তাদের সংশোধন শেষে পরবর্তীতে বিল জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনে ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বাড়িভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছে মাউশি। আগামী ২১ জুলাইয়ের মধ্যে অনলাইন বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


0 Comments