কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ডালারমুখ এলাকায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে একটি গুরুত্বপূর্ণ সড়ক বিধ্বস্ত হয়েছে। এর ফলে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ডালারমুখ এলাকার এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল শিক্ষার্থী, কৃষক ও শ্রমিকসহ প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ চলাচল করেন। সড়কটি ভেঙে যাওয়ায় বর্তমানে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা জাকের হোসেন জানান, সড়কটি এই এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভেঙে যাওয়ায় যাতায়াতে তাদের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। তিনি দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
টৈটং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী ও পথচারীরা চরম বিপাকে পড়েছেন। বর্তমানে জরুরি রোগী বহন এবং নিত্যপ্রয়োজনীয় মালামাল আনা-নেওয়া করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত মেরামতের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছেন।
পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ডালারমুখ এলাকায় বন্যায় সড়ক ভেঙে যাওয়ায় কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। যাতায়াত ও পণ্য পরিবহনে সমস্যার কারণে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


0 Comments