কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো মানুষই সহযোগিতা থেকে বঞ্চিত হবেন না। পর্যায়ক্রমে সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিয়ে তিনি আরও জানান, বন্যার পানি দ্রুত নিষ্কাশনের জন্য সুইচ গেইটের সব জলকপাট খোলা রাখার ব্যবস্থা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ত্রাণ বিতরণের আগে তিনি মাতামুহুরি উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রয়াত মেজবাহ উদ্দিন চৌধুরী বেলাল মিয়ার কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, মাতামুহুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ, ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক সাবের আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিদুয়ান হাফিজ এবং ঢেমুশিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সাইরাস চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেন এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত হবেন না এবং দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া হবে।


0 Comments