ডালাস স্টেডিয়ামে আজ রাতে ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ফ্রান্স এবং তিন নম্বর দল স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আজকের ম্যাচে জয়ী দলটি সরাসরি পৌঁছে যাবে স্বপ্নের ফাইনালের মঞ্চে। মাঠের লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচের আর্থিক গুরুত্বও বিশাল। দুই দলের সম্মিলিত স্কোয়াডের বাজারমূল্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ফ্রান্সের দলের মূল্য প্রায় ২১ হাজার কোটি এবং স্পেনের প্রায় ১৭ হাজার কোটি টাকা। দুই দলের সাতজন খেলোয়াড়ের প্রত্যেকের বাজারমূল্য ১০০ মিলিয়ন ইউরো ছাড়িয়েছে, যার মধ্যে স্পেনের ১৯ বছর বয়সী লামিনে ইয়ামালের মূল্য ২০০ মিলিয়ন ইউরো এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মূল্য ১৮০ মিলিয়ন ইউরো।
পরিসংখ্যান অনুযায়ী, দুই দলের ৩৮টি মোকাবিলার মধ্যে স্পেন জিতেছে ১৮টিতে এবং ফ্রান্স ১৩টিতে। তবে সবশেষ ১০ বারের দেখায় স্পেন সাতবার জয় পেয়েছে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম টানা তৃতীয়বারের মতো দলকে বিশ্বকাপের ফাইনালে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন। অন্যদিকে, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন। ম্যাচে ফ্রান্সের গতিময় আক্রমণের বিপরীতে স্পেনের টিকিটাকা ফুটবলের লড়াই দেখা যাবে।
ম্যাচ নিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, দুই দলের আক্রমণভাগের মান বিবেচনায় ম্যাচটি বেশ দর্শনীয় হবে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ফ্রান্সের যদি কাউকে ভয় পাওয়ার কথা থাকে, তবে সেটা আমাদেরই। এদিকে, সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে টাইব্রেকারের স্নায়ুচাপ এড়িয়ে ৯০ মিনিটেই ম্যাচের ফয়সালা চান স্পেনের গোলকিপার উনাই সিমন। পুরো বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করা সিমন মনে করেন, পেনাল্টি শুটআউট আসলে একটি লটারি। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে আশাবাদী।
ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। ৩৭ হাজার কোটি টাকার এই লড়াইয়ে এমবাপ্পে ও ইয়ামালের নৈপুণ্য দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। কে হাসবে শেষ হাসি?


0 Comments