জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের লিয়াজোঁ কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
১০ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণ করেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।
বৈঠকে নেতারা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। জোটের পরবর্তী কর্মসূচিগুলো আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে সভায় জানানো হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দিয়েছে ১০ দলীয় জোট। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এই জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে আজ এই কর্মসূচি ঘোষণা করা হয়।


0 Comments