রাঙামাটির কাপ্তাই উপজেলায় কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মালামাল বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. মাসুদ (৫০) নামের এক বিএনপি নেতা। তিনি কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। গত শনিবার বিকেলে হ্রদের গর্জনটিলা এলাকা থেকে তাঁর মালামাল বোঝাই নৌকাটি উদ্ধার করা হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মো. মাসুদ পেশায় একজন ব্যবসায়ী। তিনি প্রতি বৃহস্পতিবার নৌকা নিয়ে বিলাইছড়ি এলাকায় মুদি মালামাল বিক্রি করতে যেতেন এবং সাধারণত শনিবারের মধ্যে বাড়ি ফিরতেন। গত বৃহস্পতিবার একইভাবে তিনি বাড়ি থেকে বের হলেও শনিবার সকাল পর্যন্ত ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল চারটার দিকে হ্রদে তাঁর নৌকাটি ভাসতে দেখা যায়। নৌকায় চাল, ডাল, ডিম ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল অক্ষত অবস্থায় ছিল।
কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো শাহাবুদ্দিন জানান, বিলাইছড়ি থেকে কাপ্তাই জেটিঘাটে ফেরার পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, নৌবাহিনীর ডুবুরি দলসহ একটি যৌথ টিম শনিবার রাত ১০টা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ ব্যক্তির সন্ধান পায়নি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে তিনি হ্রদের পানিতে তলিয়ে গেছেন। নিখোঁজ বিএনপি নেতার সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
রাঙামাটির কাপ্তাই হ্রদে মালামাল বোঝাই নৌকা পাওয়া গেলেও নিখোঁজ রয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো. মাসুদ। তাঁকে উদ্ধারে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে।


0 Comments