চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ প্রতিকূল আবহাওয়া কিংবা অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী জানান, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। তবে এর বাইরেও ঢাকা ও অন্যান্য জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী প্রতিকূল পরিস্থিতির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্ব বিবেচনা করে সরকার এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি থাকা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ভুল প্রশ্নপত্র তৈরির দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে জানান, ওই প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নের ভুলের কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন না এবং এই দুটি প্রশ্নের জন্য সবাইকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। স্থগিত বিষয়ের প্রশ্নেই তারা পরীক্ষা দিতে পারবেন।


0 Comments