আসন্ন সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে এই সফরকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি নেতানিয়াহুকে একজন যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করে বলেছেন, তার প্রকৃত জায়গা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)।
যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র জোহরান মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তাকে দ্য হেগের আদালতে বিচারের মুখোমুখি করা উচিত।
নেতানিয়াহু নিউইয়র্কে পৌঁছালে তাকে গ্রেফতার করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মেয়র তার সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। তিনি জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগ তার প্রশাসনের অধীনে থাকলেও একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেফতারের আইনি এখতিয়ার মেয়রের আছে কি না, তা এখনও অস্পষ্ট। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মেয়র জোহরান মামদানি নিশ্চিত করেছেন যে, নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা যাচাই করতে তিনি সিটির আইন বিভাগের সাথে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে আসছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে গ্রেফতারের আইনি পথ খুঁজছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।


0 Comments