বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টের নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন এই নকশায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি হিসেবে শহিদ আবু সাঈদ, শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহিদ মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের এই ঐতিহাসিক স্মৃতিগুলো স্থান পাবে। এছাড়া পাসপোর্টের ভেতরের পাতায় দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শনও নতুনভাবে সংযোজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ কেল্লা, পানামনগর ও কার্জন হলের ছবি। প্রাকৃতিক সৌন্দর্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, নীলগিরি এবং ঝাউবনের দৃশ্যও জলছাপ হিসেবে ব্যবহার করা হবে। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পাসপোর্টের ডাটা পেইজে ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ থাকার আগের ঘোষণাটি অপরিবর্তিত থাকবে। এই নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের তিন শহিদের ছবি। এছাড়া জলছাপ হিসেবে স্থান পাচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকতসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শনের চিত্র।


0 Comments