আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর দেশের বিভিন্ন জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্পেশাল মিডিয়েটর নিয়োগ প্রদান করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২০ জুলাই ২০২৬ তারিখে অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের জন্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ শাহা আলমকে নিয়োগ দেওয়া হয়।
অ্যাডভোকেট মোঃ শাহা আলম বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত একজন অভিজ্ঞ আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে ফৌজদারি, ব্যাংকিং, এনজিও এবং কোম্পানি সংক্রান্ত আইনি বিষয়ে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে আসছেন। বর্তমানে তিনি রূপালী ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এবং জেলা লিগ্যাল এইড অফিস কক্সবাজারের প্যানেল লয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (BLAST), এনজিও সংস্থা একটেড (ACTED), প্রত্যাশী এবং এনএফ এন্টারপ্রাইজের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন।
আইন পেশায় তার দক্ষতা, সততা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই মনোনয়নকে কক্সবাজারের আইন অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এই নিয়োগের খবর ছড়িয়ে পড়লে সহকর্মী আইনজীবী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন পেশাজীবী মহল অ্যাডভোকেট মোঃ শাহা আলমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্পেশাল মিডিয়েটর হিসেবে তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) ও মধ্যস্থতা কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের স্পেশাল মিডিয়েটর হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোঃ শাহা আলম। বিকল্প বিরোধ নিষ্পত্তি ও মধ্যস্থতা কার্যক্রমকে আরও গতিশীল করতে এই নিয়োগ দেওয়া হয়েছে।


0 Comments