ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা রাম কাপুর একটি রিয়েলিটি শোতে নিজের জীবনের এক চাঞ্চল্যকর ও আবেগঘন গোপন তথ্য ফাঁস করেছেন। নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়ে সাজা’র একটি পর্বে তিনি জানান, ক্যানসারে আক্রান্ত বাবার শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মৃত্যুর পরিকল্পনা বাস্তবায়নে তিনি সরাসরি সহায়তা করেছিলেন। এই সিদ্ধান্তের কারণে গত পাঁচ বছর ধরে তাঁর মা ও বোন তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন।
অনুষ্ঠানে ব্যক্তিগত তথ্য প্রকাশের পর্বে রাম কাপুর বলেন, তাঁর বাবা ৬৩ বছর বয়সে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ থাকলেও ৭৩ বছর বয়সে রোগটি পুনরায় ফিরে আসে। সেই সময় তাঁর বাবা আর চিকিৎসা চালিয়ে যেতে চাননি এবং রামের কাছে তাঁকে মরতে সাহায্য করার অনুরোধ জানান। অভিনেতা জানান, বাবার সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ না থাকলেও শেষ সময়ে তিনি বাবার পাশে থাকার সিদ্ধান্ত নেন।
বাবার দেওয়া শর্ত অনুযায়ী রাম বিষয়টি পরিবারের অন্য সদস্যদের কাছে গোপন রাখেন। আইসিইউতে শেষ মুহূর্ত পর্যন্ত বাবার হাত ধরে থাকা এবং মৃত্যুর দিনই শেষকৃত্য সম্পন্ন করার প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছিলেন। অভিনেতা আরও জানান, পরিবারের সবাই জানত চিকিৎসা চলছে, কিন্তু বাস্তবে তখন কোনো চিকিৎসা দেওয়া হচ্ছিল না।
নিজের এই কঠিন সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই জানিয়ে রাম কাপুর বলেন, তিনি মনে করেন এটি সন্তানের পক্ষ থেকে বাবার জন্য করা অন্যতম বড় কাজ ছিল। তবে এই ঘটনার পর থেকে তাঁর মা ও বোন তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। একই অনুষ্ঠানে তিনি আরও জানান, তাঁর জীবনের এমন একটি গোপন বিষয় রয়েছে যা তাঁর স্ত্রী গৌতমী কাপুরও জানেন না। এছাড়া অভিনেতা হর্ষদ চোপড়াও তাঁর মায়ের মৃত্যুর স্মৃতি চারণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন।
বাবার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে তাঁর মৃত্যুর পরিকল্পনায় সাহায্য করেছিলেন অভিনেতা রাম কাপুর। এই কারণে দীর্ঘ ৫ বছর মা ও বোনের সাথে তাঁর কোনো যোগাযোগ নেই। রিয়েলিটি শোতে এই গোপন তথ্য ফাঁস করেন তিনি।


0 Comments