ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ত্যাগ করার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (১৫ জুলাই) তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের সহযোগী সদস্য হিসেবে ফরম পূরণ করেন। এই সময় তার সঙ্গে সদ্য বিদায়ী আরও কয়েকজন ছাত্রশিবির নেতাও সদস্য ফরম সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।
এর আগে গত সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক বার্তার মাধ্যমে ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন সাদিক কায়েম। তিনি সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এদিকে জামায়াতের দলীয় সূত্রগুলো জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম নিয়ে গুরুত্বের সাথে আলোচনা চলছে। গত জুনে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তার নাম প্রস্তাব করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার বৈঠক থেকে। যদিও এখন পর্যন্ত কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, তবে দলীয় মহলে সাদিক কায়েমের প্রার্থিতার বিষয়টি প্রায় নিশ্চিত বলে জানা গেছে।
ছাত্রশিবির ছাড়ার একদিন পরই জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


0 Comments