ফরিদপুর শহরকে সুন্দর করতে ব্যক্তিগত অর্থায়নে নির্মিত বেশ কিছু চত্বর ও স্থাপনা ভেঙে ফেলার জন্য একটি প্রভাবশালী মহল চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে নেওয়া এমন উদ্যোগের খবরে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের লিখিত ও মৌখিক অনুমতি নিয়েই শহরের গোরস্থান মোড় চত্বর, আলীপুর গোলপুকুর মোড়ে বীর মুক্তিযোদ্ধা খান মাহবুব চত্বর এবং অনাথের মোড় চত্বরসহ কয়েকটি স্থাপনা নির্মাণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন (জুয়েল)। নিজস্ব অর্থায়নে তৈরি এই দৃষ্টিনন্দন স্থাপনাগুলো স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। তবে সম্প্রতি রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এগুলো ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সৈয়দ জুলফিকার হোসেন জানান, গত শনিবার রাতে সড়ক বিভাগ ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার তাকে ফোন করে জানান যে, ফরিদপুরের এক প্রভাবশালী নেতা স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছেন। তবে জুলফিকার হোসেন সাফ জানিয়ে দিয়েছেন যে, জনগণের সম্পদ হিসেবে পরিচিত এই স্থাপনাগুলো তিনি ভাঙতে পারবেন না। শহরের সৌন্দর্য নষ্ট করার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় রিকশা ও অটোচালকরাও। তারা একে আত্মঘাতী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। এদিকে, অভিযোগের বিষয়ে জানতে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ফরিদপুরে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত দৃষ্টিনন্দন স্থাপনাগুলো রাজনৈতিক আক্রোশে ভেঙে ফেলার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।


0 Comments