টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদ। ইতোমধ্যে এই স্থাপত্যটি দেশ-বিদেশে টাঙ্গাইল জেলার পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। প্রতিদিন দেশি-বিদেশি অসংখ্য পর্যটক এই মসজিদটি দেখতে আসছেন। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যের সাথে এই মসজিদের ভিডিও চিত্র প্রদর্শন করেছেন, যা দেশের জন্য গৌরবের বিষয়।
তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো, কিছু স্বার্থান্বেষী মহল মসজিদটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম জানিয়েছেন, এই নির্মাণকাজ সম্পূর্ণভাবে ট্রাস্টের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। এখানে সরকারি বা বিদেশি কোনো সংস্থার সরাসরি অর্থায়ন নেই, তাই দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি অভিযোগ করেন, স্বার্থান্বেষী মহলটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি মসজিদের নির্মাণকাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
এই পরিস্থিতিতে গোপালপুরের সুনাম রক্ষায় এবং নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন প্রতিষ্ঠাতা। একইসঙ্গে তিনি প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।
এদিকে, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ২০১ গম্বুজ মসজিদ গোপালপুরকে বিশ্ব দরবারে পরিচিত করেছে। একটি বিশেষ মহল নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে এই ধর্মীয় প্রতিষ্ঠানটি নিয়ে অপপ্রচার চালিয়ে এলাকার সুনাম ক্ষুণ্ন করছে।
টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণাধীন বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠাতা। তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেছেন।


0 Comments