চট্টগ্রামের ব্যবসাপ্রতিষ্ঠানে নজিরবিহীন হামলা ও চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের হুমকি এবং পূর্বঘোষণা দিয়ে হামলা চালানো কোনো স্বাভাবিক রাষ্ট্রে সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, চট্টগ্রামে ব্যবসায়ীদের কাছে এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে, যা অত্যন্ত ভয়াবহ।
সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার চার মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। বরং একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর আসছে, যা বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। তিনি আরও বলেন, সরকার যদি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, তবে তা রাষ্ট্রের সামগ্রিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে আইনের ব্যাখ্যা দিতে বেশি ব্যস্ত থাকেন। সালাহউদ্দিন আহমদকে যদি আইন ব্যাখ্যা করতেই হয়, তবে তাকে আইনমন্ত্রী করা হোক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হোক। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করছে বলে তিনি সতর্ক করেন।
চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ২ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির দাবি জানান।


0 Comments