দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৮ জুলাই) দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ করা হয়। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১ সেপ্টেম্বর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে ২০২৫ সালের ২৪ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। তবে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও দলীয় সূত্রে অভিযোগ ওঠে যে, তিনি এবং তার ঘনিষ্ঠরা আবারও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও অনৈতিক প্রভাব বিস্তারে লিপ্ত হয়েছেন। এই গুরুতর অভিযোগগুলো আমলে নিয়েই তার বিরুদ্ধে পুনরায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। একজন সংসদ সদস্যকে পুনরায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শোকজ করার ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ময়মনসিংহের ভালুকার এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ করেছে বিএনপি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে এই নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।


0 Comments