যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির বিশেষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। এর মাধ্যমে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব নেওয়ার পথ সুগম হলো। শুক্রবার নেতা নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে বার্নহাম জানান, তার কাছে দেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী সোমবার বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা অ্যান্ডি বার্নহামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। সেই আমন্ত্রণ গ্রহণের মাধ্যমে তিনি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করবেন।
গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই মেয়র তার বক্তব্যে উল্লেখ করেন, গত ২৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি জানেন দেশের মানুষ আসলে কী চায়। তিনি সাধারণ মানুষের রাজনীতির ওপর আস্থা ফিরিয়ে আনা এবং দৈনন্দিন সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। বার্নহামের মতে, তার নেতৃত্বে লেবার পার্টি শ্রমজীবী মানুষের দল হিসেবে কাজ করবে এবং সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক বৈষম্য কমানোর ওপর গুরুত্ব দেবে।
লন্ডনকেন্দ্রিক শাসনব্যবস্থার পরিবর্তে ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন বার্নহাম। তিনি জাতীয় স্বাস্থ্যসেবা বা এনএইচএস শক্তিশালী করা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেন। বিশেষ এই সম্মেলনে অ্যান্ডি বার্নহামের সঙ্গে তার স্ত্রী মারি-ফ্রান্স ভন হিল ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। সোমবার স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। জনকল্যাণে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।


0 Comments