সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার প্যারা কমান্ডো ব্রিগেডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত প্যারা কমান্ডো ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত এই মহড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। মোট ১৩ দিনব্যাপী এই প্রশিক্ষণে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত অংশীদারত্ব ও পেশাদার সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, এই প্রশিক্ষণ দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের একটি শক্তিশালী ভিত্তি। এটি কেবল সাধারণ প্রশিক্ষণ নয়, বরং একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে উভয় দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, টাইগার লাইটনিং মহড়া দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্বে নতুন মাত্রা যোগ হবে।
এবারের মহড়ায় যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৯১ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডসহ বিভিন্ন ফরমেশনের ৯৩ জন সদস্য অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার এবং এসআই অ্যান্ড টি-র কমান্ড্যান্টসহ উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস দমন ও দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।
সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর যৌথ মহড়া টাইগার লাইটনিং ২০২৬। দুই দেশের সামরিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্ব জোরদারে ১৩ দিনব্যাপী এই অনুশীলনে অংশ নিচ্ছেন ১৮৪ জন সেনাসদস্য।


0 Comments