রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্গত পরিবারগুলোর হাতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থার খোঁজখবর নেন। বিশেষ করে আশ্রয়কেন্দ্রে থাকা নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের সমস্যার কথা শুনে তিনি দ্রুত ও টেকসই সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার। এছাড়া জেলা বিএনপি'র সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল জানান, দুর্যোগকালীন এই সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা নৈতিক দায়িত্ব। তিনি আশ্বস্ত করেন যে, সরকারের পক্ষ থেকে খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বন্যা-পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধ সংস্কারের পাশাপাশি দ্রুততম সময়ে কাচালং নদী খনন কাজ শুরু করার ঘোষণা দেন তিনি। একইসঙ্গে সমাজের বিত্তবানদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কাচালং নদী খননের আশ্বাস দেন তিনি।
-6a577695cee79.webp)

0 Comments