ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমুখী পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমুখী পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারকে বিশ্বের অন্যতম আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে টেকসই ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে একটি পর্যটন মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে নতুন প্রকল্প বাস্তবায়ন, জাতীয় পর্যটন নীতিমালা আধুনিকায়ন এবং নতুন নতুন পর্যটন কেন্দ্র চিহ্নিত করা হবে। পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা অভিযান, ভলান্টিয়ার টিম গঠন এবং ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার চালুর কথা উল্লেখ করেন তিনি। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং এবং বহুভাষিক ট্যুর গাইড তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কক্সবাজারের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ১৩২ দশমিক ৪৪ একর জমিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি কক্সবাজারের মোটেল লাবনী এলাকায় একটি আন্তর্জাতিক মানের পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনাও রয়েছে। কক্সবাজারসহ সিলেট ও খুলনায় আন্তর্জাতিক মানের হোটেল ও অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে বাজার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক পর্যটন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যটন ব্যবস্থাপনা গড়ে তুলে দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার কাজ করে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।

সংক্ষেপে:
কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী করতে সরকারের বহুমুখী পরিকল্পনার কথা জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমুখী পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0 Comments