সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্তের বিষয়টি দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের আনুষ্ঠানিক চিঠি হাতে পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায়।
তরুণীর সঙ্গে ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


0 Comments