কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক ও এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল্লাহপুর হাজী আমির আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাচ্চু মিয়া এবং ওই বিদ্যালয়ের ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী। গত শনিবার রাতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) পাপিয়া আক্তার বাদী হয়ে দেবীদ্বার থানায় এই মামলাটি দায়ের করেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র শিক্ষক নিজে না দেখে ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা শিক্ষামন্ত্রীর নজরে আসে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে শিক্ষক ও ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়ার পর শিক্ষা বোর্ডের করা মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।


0 Comments