বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি বর্তমান সহ-উপাচার্য অধ্যাপক আবদুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, বুয়েটের অধ্যাদেশ অনুযায়ী এই নিয়োগ কার্যকর হবে। অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসরের বয়সসীমা পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। তবে চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।
অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম বুয়েটের চতুর্থ সহ-উপাচার্য। ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন। ২০১৩ সালে তিনি পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গবেষণা ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে। তিনি ১৯০টিরও বেশি গবেষণা প্রবন্ধ ও বই প্রকাশ করেছেন। তার উদ্ভাবিত বায়ো ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। একাডেমিক ও গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি ২৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। এ পর্যন্ত তিনি দেশি-বিদেশি ৯০টির বেশি এমএস ও পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।


0 Comments