হবিগঞ্জ পৌর এলাকায় বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এই আদেশ প্রদান করেন। আদেশে বলা হয়, আজ বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার ডাক দিয়েছিল। একই সময়ে এবং একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল। উভয় দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির সম্ভাবনা থাকায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ তার আদেশে উল্লেখ করেন, পাল্টাপাল্টি এই কর্মসূচির ফলে যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষতি এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। জনস্বার্থে শান্তি বজায় রাখতে পৌর এলাকায় ৫ বা তার অধিক লোকের সমাবেশ, মিছিল, স্লোগান, মাইকিং এবং পিকেটিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
হবিগঞ্জে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংঘর্ষ ও বিশৃঙ্খলা এড়াতে জেলা ম্যাজিস্ট্রেট এই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।


0 Comments