কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায় চাঞ্চল্যকর কিশোর সুকান্ত দে (১৫) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার বেলাল উদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া বাগানপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সমিতিপাড়ার একটি সেলুনে কর্মরত কিশোর সুকান্ত দে দোকান থেকে বের হলে হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মামলার অন্যতম আসামি বেলাল উদ্দিন বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছেন। পরে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাবের তথ্যমতে, গ্রেপ্তার বেলাল উদ্দিন এলাকার চিহ্নিত দাঙ্গা-হাঙ্গামাকারী ও পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, মারামারি, মারাত্মক জখম, বিস্ফোরক, অগ্নিসংযোগ ও যৌতুক আইনে মোট চারটি মামলা রয়েছে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের সমিতিপাড়ায় কিশোর সুকান্ত দে হত্যা মামলার পলাতক আসামি বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


0 Comments