পঞ্চগড়: সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও ও ছবি 'শিবির মিডিয়া সেল' নামক পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আলম মামুন রনিক। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য, পঞ্চগড় জেলা জজ আদালতের সাবেক জিপি ও পঞ্চগড় আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারি এবং জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস।
বক্তারা অভিযোগ করেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তার কাজের মাধ্যমে তারেক রহমানের আস্থা ও বিশ্বাস অর্জন করছেন। তিনি যখন পঞ্চগড়সহ দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন, তখন একটি কুচক্রী মহল তার সম্মান ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই অংশ হিসেবে শিবিরের পেজে এআই ব্যবহার করে তার বিকৃত ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে। নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভুয়া ছবি প্রচারকারীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির দাবি জানান। দাবি আদায় না হলে দলীয়ভাবে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ভিডিও ছড়ানোর প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে বিএনপি। দোষীদের শাস্তির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।


0 Comments