বাংলাদেশে ক্রীড়া জগতকে কেবল বিনোদন বা মাঠের জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে একে একটি শক্তিশালী ‘অর্থনৈতিক শিল্প’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান সাকিফ শামীম এই নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা তুলে ধরেন। ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্বরত এই ক্রীড়া সংগঠক জানান, উন্নত দেশগুলো ক্রীড়াকে কর্মসংস্থান ও বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করছে।
সাকিফ শামীম উল্লেখ করেন, একটি শক্তিশালী ক্রীড়া শিল্প কেবল খেলোয়াড় নয়, বরং দক্ষ কোচ, ফিজিওথেরাপিস্ট, ভিডিও অ্যানালিস্ট, পুষ্টিবিদ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞসহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। ইউরোপীয় ফুটবল লিগ বা আইপিএলের মতো আসরগুলো বিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। বাংলাদেশেও বিপিএল বা ঢাকা ম্যারাথনের মতো আয়োজনগুলোকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উদ্যোগ হিসেবে গ্রহণ করার সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্সের এই যুগে মাঠের বাইরের দক্ষতার গুরুত্ব বাড়ছে। তাই দেশে স্পোর্টস একাডেমি, গবেষণা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্পোর্টস ম্যানেজমেন্ট ও সায়েন্সের মতো আধুনিক কোর্স চালু করা জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি বিনিয়োগ একটি টেকসই ক্রীড়া অর্থনীতি গড়ে তুলতে সহায়ক হবে বলে তিনি মনে করেন। সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া গন্তব্য হয়ে উঠতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ক্রীড়াকে কেবল বিনোদন নয়, বরং একটি শক্তিশালী অর্থনৈতিক শিল্প হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাকিফ শামীম। এর মাধ্যমে দেশে হাজার হাজার তরুণের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


0 Comments